۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا

ইন্নাআওহাইনাইলাইকা কামাআওহাইনা ইলানূহিওঁ ওয়ান নাবিইঈনা মিম বা‘দিহী ওয়াআওহাইনা ইলাইবর-হীমা ওয়া ইছমা-‘ঈলা ওয়া ইছহা-কা ওয়া ইয়া‘কূবা ওয়াল আছবা-তিওয়া ‘ঈসা-ওয়া আইয়ূবা ওয়া ইঊনুছা ওয়া হা-রূনা ওয়া ছুলাইমা-না ওয়া আ-তাইনা-দা-ঊদা ঝাবূর-।উচ্চারণ

হে মুহাম্মাদ! আমি তোমার কাছে ঠিক তেমনিভাবে অহী পাঠিয়েছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়ে ছিলাম। ২০৪ আমি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে অহী পাঠিয়েছি। আমি দাউদকে যবূর দিয়েছি। ২০৫ তাফহীমুল কুরআন

(হে নবী!) আমি তোমার প্রতি ওহী নাযিল করেছি, যেভাবে নাযিল করেছি নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি এবং আমি ওহী নাযিল করেছিলাম ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, (তাদের) বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর দাঊদকে দান করেছিলাম যাবূর। #%১১৪%#মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি, যেরূপ আমি নূহ ও তৎপরবর্তী নাবীগণের প্রতি প্রত্যাদেশ করেছিলাম এবং ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তদ্বংশীয়গণের প্রতি এবং ঈসা, আইযুব, ইউনুস, হারূণ, সুলাইমানের প্রতি প্রত্যাদেশ করেছিলাম এবং আমি দাঊদকে যাবুর প্রদান করেছিলাম।মুজিবুর রহমান

আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবী-রসূলের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন। আর ওহী পাঠিয়েছি, ইসমাঈল, ইব্রাহীম, ইসহাক, ইয়াকুব, ও তাঁর সন্তাবর্গের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনূস, হারুন ও সুলায়মানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি যবুর গ্রন্থ।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তো তোমার নিকট ‘ওহী’ প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করেছিলাম; ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াক‚ব ও তার বংশধরগণ, ‘ঈসা, আইউব, ইউনুস, হারূন ও সুলায়মানের নিকটও ‘ওহী’ প্রেরণ করেছিলাম এবং দাঊদকে যাবূর দিয়েছিলাম। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহী পাঠিয়েছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কূব, তার বংশধরগণ, ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সুলায়মানের নিকট এবং দাঊদকে প্রদান করেছি যাবূর।আল-বায়ান

আমি তোমার কাছে ওয়াহী পাঠিয়েছি যেমন নূহ ও তার আগের নাবীগণের নিকট ওয়াহী পাঠিয়েছিলাম, আর ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর আর ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সুলায়মানের নিকটও ওয়াহী পাঠিয়েছিলাম আর আমি দাঊদকে যাবূর প্রদান করেছিলাম।তাইসিরুল

আর রসূলগণকে যাঁদের কথা ইতিপূর্বে তোমার কাছে বর্ণনা করেছি, আর রসূলগণকে যাঁদের বিষয়ে তোমার কাছে উল্লেখ করি নি; আর আল্লাহ্ মূসার সঙ্গে বলেছিলেন কথাবার্তা, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০৪

এখানে যে কথা বলতে চাওয়া হয়েছে তা হচ্ছে এই যে, মুহাম্মাদ ﷺ এমন কোন নতুন জিনিস আনেননি, যা ইতিপূর্বে আর কেউ আনেননি। তিনি দাবী করছেন না যে, তিনিই এই প্রথমবার একটি নতুন জিনিস পেশ করছেন। বরং পূর্ববর্তী নবীগণ জ্ঞানের যে উৎসটি থেকে হিদায়াত লাভ করেছেন তিনিও হিদায়াত লাভ করেছেন সেই একই উৎস থেকে। দুনিয়ার বিভিন্ন দেশে জন্মগ্রহণকারী। পয়গাম্বরগণ হামেশা যা সত্যের বাণী প্রচার করে এসেছেন তিনিও সেই একই সত্য প্রচার করেছেন।

অহী অর্থ হচ্ছে ইশারা করা, মনের মধ্যে কোন কথা প্রক্ষিপ্ত করা, গোপনভাবে কোন কথা বলা এবং পয়গাম পাঠানো।

২০৫

বর্তমানে বাইবেলের মধ্যে ‘যাবুর’ (গীতসঙ্গিতা)) নামে যে অধ্যায়টি পাওয়া যায় তার সবটুকুই দাউদ আলাইহিস সালামের ওপর অবতীর্ণ যাবুর নয়। তার মধ্যে অন্যান্য লোকদের বহু কথা মিশিয়ে দেয়া হয়েছে এবং সেগুলোকে তাদের রচয়িতাদের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। তবে যে সমস্ত বাণীতে (স্তোত্র) একথা সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে, সেগুলো হযরত দাউদ আলাইহিস সালামের, সেগুলোর মধ্য যথার্থই সত্য বাণীর উজ্জ্বল আলো অনুভূত হয়। অনুরূপভাবে বাইবেলে ‘আমসালে সুলাইমান’ (হিতোপদেশ) নামে যে অধ্যায়টি রয়েছে, তাতেও ব্যাপক মিশ্রণ পাওয়া যায়। তার শেষ দু’টি অনুচ্ছেদ যে পরে সংযোজন করা হয়েছে, এতে কোন সন্দেহ নেই। তবুও তার বৃহত্তর অংশ নির্ভুল ও সত্য মনে হয়। এই দু’টি অধ্যায়ের সাথে সাথে হযরত ‘আইউব’ (ইয়োব) আলাইহিস সালামের নামেও আর একটি অধ্যায় বাইবেলের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু তার মধ্যে জ্ঞানের বহু অমূল্য তত্ত্ব থাকা সত্ত্বেও সেটি পড়তে গিয়ে হযরত আইউবের সাথে তার সংশ্লিষ্ট করার ব্যাপারটি সত্য বলে বিশ্বাস করা যায় না। কারণ কুরআনেও এই অধ্যায়টির প্রথম দিকে হযরত আইউবের যে মহান সবরের প্রশংসা করা হয়েছে সমগ্র অধ্যায় ঠিক তার উলটো চিত্রই পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হযরত আইউব তাঁর সমগ্র বিপদকালে আল্লাহর বিরুদ্ধে সর্বক্ষণ অভিযোগমুখর ছিলেন। এমনকি তার সহচর নাকি এই মর্মে তাঁকে সান্ত্বনা দেবার চেষ্টা করতেন যে, আল্লাহ‌ জালেম নন; কিন্তু তিনি কোনক্রমেই তা মানতে প্রস্তুত হতেন না।

এসব সহীফা ছাড়াও বনী ইসরাঈলদের নবীদের আরো ১৭ খানি সহীফা বাইবেলে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলোর বেশীর ভাগ সঠিক বলে মনে হয়। বিশেষ করে ইয়াস’ঈয়াহ্ (যিশাইয়), ইয়ারমিয়াহ (যিরমিয়), হাযকী ইন (যিহিস্কেল), অমূস (আমোষ) ও আরো কয়েকটি সহীফার অধিকাংশ স্থান পড়ার পর মানুষের হৃদয় নেচে উঠে। এগুলোর মধ্যে খোদায়ী কালামের সুস্পষ্ট মাহাত্ম অনুভূত হয়। এগুলোতে শিরকের বিরুদ্ধে জিহাদ, তাওহীদের সপক্ষে শক্তিশালী যুক্তি প্রদান এবং বনী ইসরাঈলের নৈতিক অধঃপতনের ওপর কড়া সমালোচনা পড়ার সময় একজন সাধারণ পাঠক একথা অনুভব না করে থাকতে পারে না যে, ইঞ্জীলে হযরত ঈসা আলাইহিস সালামের ভাষণসমূহ এবং কুরআন মজীদ ও এই সহীফাগুলো একই উৎস থেকে উৎসারিত স্রোতধারা ছাড়া আর কিছুই নয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তোমার নবুওয়াত এবং তোমার প্রতি ওহী নাযিল করার বিষয়টি অভিনব কোন ব্যাপার নয়। মানুষকে সৎকর্মের উত্তম পুরস্কার সম্পর্কে সুসংবাদদান ও অসৎকর্মের শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য নবী প্রেরণ ও ওহী নাযিলের ধারা আগে থেকেই চলে এসেছে, যার সমাপ্তি টানা হয়েছে তোমার মাধ্যমে। সুতরাং পূর্বে যেমন প্রত্যেক উম্মতের প্রতি আপন-আপন নবীর প্রতি ঈমান আনা ফরয ছিল, তেমনি সর্বশেষ নবী হিসেবে তোমার প্রতিও ঈমান আনা দুনিয়ার সমস্ত মানুষের উপর ফরয এবং পূর্বে যেমন প্রত্যেক নবীর প্রতি ঈমান আনয়নকারীগণ পুরস্কৃত ও অবিশ্বাসীগণ শাস্তিপ্রাপ্ত হয়েছিল, যেমনটা তাদের ঘটনাবলীতে আমি তোমার কাছে বিবৃত করেছি, তেমনি তোমার প্রতি ঈমান আনয়নকারীগণও পুরস্কার লাভের যোগ্য ও অবিশ্বাসীগণ শাস্তির উপযুক্ত হয়ে যাবে। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১৬৩. নিশ্চয় আমরা আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম(১) যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি ওহী প্রেরণ করেছিলাম(২)। আর ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইউব, ইউনুস, হারূন ও সুলাইমানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে প্রদান করেছিলাম যাবূর।

(১) নবীগণের প্রতি প্রেরিত আল্লাহ্ তা'আলার বিশেষ নির্দেশ ও বাণীকে ওহী বলা হয়। হারিস ইবন হিশাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আপনার নিকট অহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অহী কোন কোন সময় ঘন্টার আওয়াজের মত আমার নিকট আসে। আর ওটাই আমার পক্ষে সবচেয়ে কষ্টদায়ক অহী, এরপর ফেরেশতা আমার থেকে পৃথক হতো এমতাবস্থায় যে, তিনি যা বলেন তা শেষ হতেই তার কাছ থেকে আমি তা আয়ত্ব করে ফেলি। আবার কোন কোন সময় ফেরেশতা মানুষের আকারে এসে আমাকে যে অহী বলেন, আমি তা সাথে সাথে আয়ত্ব করে নেই। (বুখারীঃ ২)

(২) এ আয়াতে বলা হয়েছে যে, পূর্ববতী নবীগণের প্রতি যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছিল, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তেমনি আল্লাহ্ তা'আলা ওহী নাযিল করেছেন। অতএব, পূর্ববর্তী নবীগণকে যারা মান্য করে, তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কেও মান্য করতে বাধ্য। আর যারা তাকে অস্বীকার করে তারা যেন অন্যসব নবীকে এবং তাদের প্রতি প্রেরিত ওহীকেও অস্বীকার করলো।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬৩) নিশ্চয় আমি তোমার নিকট অহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারূন এবং সুলায়মানের নিকট আমি অহী প্রেরণ করেছিলাম(1) এবং দাউদকে যবূর দান করেছিলাম।

(1) ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, কিছু মানুষ মনে করে যে, মূসা (আঃ)-এর পর আল্লাহ আর কোন মানুষের উপর অহী বা প্রত্যাদেশ অবতীর্ণ করেননি, এমনকি তারা মুহাম্মাদুর রসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি অহী বা প্রত্যাদেশকেও অস্বীকার করে। তারই প্রেক্ষাপটে মহান আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে ওদের ধারণার খন্ডন করেছেন এবং রসূল (সাঃ)-এর রিসালাত ও অহীকে প্রমাণ করেছেন। (তাফসীরে ইবনে কাসীর)