أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

আলাইছাল্লা-হু বিক-ফিন ‘আবদাহূ; ওয়া ইউখাওবিফূনাকা বিল্লাযীনা মিন দূ নিহী ওয়া মাইঁ ইউদলিলিল্লা-হু ফামা-লাহূমিন হা-দ।উচ্চারণ

[হে নবী (সা)] আল্লাহ‌ নিজে কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? এসব লোক তাঁকে বাদ দিয়ে তোমাদেরকে অন্যদের ভয় দেখায়। ৫৫ অথচ আল্লাহ‌ যাকে গোমরাহীতে নিক্ষেপ করেন তাকে কেউ পথপ্রদর্শন করতে পারে না, তাফহীমুল কুরআন

(হে রাসূল!) আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? তারা তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়। #%১৮%# আল্লাহ যাকে বিপথগামী করেন তাকে পথে আনার কেউ নেই।মুফতী তাকী উসমানী

আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাদেরকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোন পথ প্রদর্শক নেই।মুজিবুর রহমান

আল্লাহ কি তাঁর বান্দার পক্ষে যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে গোমরাহ করেন, তার কোন পথপ্রদর্শক নেই।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্ কি তাঁর বান্দার জন্যে যথেষ্ট নন ? অথচ তারা তোমাকে আল্লাহ্ র পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ্ যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে কোন পথপ্রদর্শক নেই। ইসলামিক ফাউন্ডেশন

আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।আল-বায়ান

আল্লাহ কি তাঁর বান্দাহর জন্য যথেষ্ট নন? অথচ তোমাকে তারা আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে পথহারা করেন তার জন্য কেউ পথ দেখাবার নেই।তাইসিরুল

আল্লাহ্ কি তাঁর বান্দাদের জন্য যথেষ্ট নন? তথাপি তারা তোমাকে ভয় দেখাতে চায় তাঁকে বাদ দিয়ে অন্যদের দ্বারা। আর যাকে আল্লাহ্ পথভ্রষ্ট হতে দেন তার জন্য তবে হেদায়তকারী কেউ নেই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৫

মক্কার কাফেররা নবীকে ﷺ বলতো, তুমি আমাদের উপাস্যদের সাথে বেআদবী করে থাকো এবং তাদের বিরুদ্ধে কথা বলে থাকো। তারা কত বড় সম্মানিত সত্তা তা তুমি জানো না। যে-ই তাদের অবমাননা ও অপমান করেছে সে-ই ধ্বংস হয়েছে। তুমি যদি তোমার কথাবার্তা থেকে বিরত না হও তাহলে এরা তোমাকে ধ্বংস করে ছাড়বে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

কুরায়শের লোকেরা বলেছিল, মুহাম্মাদ যদি আমাদের দেব-দেবীর নিন্দা করা হতে বিরত না হয়, তবে তারা প্রতিশোধ নেবে। হয় তাকে উন্মাদ বানিয়ে দেবে, নয়তো কোনো কঠিন রোগে আক্রান্ত করবে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করেন এবং এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে আশ্বস্ত করে দেন যে, ওই পাথরের মূর্তির তো কোনো ক্ষমতাই নেই, আপাতদৃষ্টিতে যাদের কিছুটা ক্ষমতা আছে সেই পৌত্তলিক, এমনকি সারা জাহানও যদি তার বিরুদ্ধে চলে যায়, তাতেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেননা নিজ বান্দা ও রাসূলের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। তিনিই তাঁর হেফাজতের জন্য যথেষ্ট। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৩৬. আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখায়।(১) আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন হেদায়াতকারী নেই।

(১) অর্থাৎ তারা আপনাকে তাদের উপাস্য মা’বুদদের ভয় দেখায়। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৬) আল্লাহ কি তাঁর দাসের জন্য যথেষ্ট নন?(1) অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন, তার জন্য কোন পথপ্রদর্শক নেই। (2)

(1) এখানে ‘দাস’ বলতে নবী করীম (সাঃ)-কে বুঝানো হয়েছে। কারো কারো নিকট এটা সাধারণ। সমস্ত নবী এবং প্রত্যেক মু’মিন এতে শামিল। অর্থ হল, তোমাকে গায়রুল্লাহর ভয় দেখানো হয়, কিন্তু আল্লাহ যখন তোমার সমর্থক ও সাহায্যকারী, তখন তোমার কেউ কিছুই করতে পারবে না। তোমার পক্ষ হতে তাদের মোকাবেলার জন্য তিনিই যথেষ্ট।

(2) যে এই ভ্রষ্টতা থেকে বের করে হিদায়াতের রাস্তা ধরিয়ে দেবে।