إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ

ইন্না- জা‘আলনা-ফী আ‘না-কিহিম আগলা-লান ফাহিয়া ইলাল আযক-নি ফাহুম মুকমাহূন।উচ্চারণ

আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। তাফহীমুল কুরআন

আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। মুফতী তাকী উসমানী

আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা উর্ধ্বমুখী হয়ে গেছে।মুজিবুর রহমান

আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে।মাওলানা মুহিউদ্দিন খান

আমি এদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে এরা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।আল-বায়ান

আমি তাদের গলদেশে (তাদের জিদ ও অহমিকার) বেড়ি পরিয়ে দিয়েছি আর তা থুতনি পর্যন্ত (গিয়ে ঠেকেছে), কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে।তাইসিরুল

আমরা নিশ্চয় তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, আর তা পৌঁছেছে চিবুক পর্যন্ত, ফলে তারা মাথা চড়ানো অবস্থায় রয়েছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এ আয়াতে বেড়ি মানে হচ্ছে তাদের নিজেদের হঠকারিতা। তাদের জন্য সত্য গ্রহণ করার পথে এটি প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছিল। “চিবুক পযর্ন্ত জড়িয়ে গেছে” এবং “মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে”-এর অর্থ হচ্ছে, অহংকারবশতঃ ঘাড় তেড়া করে দাঁড়িয়ে থাকা। আল্লাহ‌ বলছেন, তাদের জিদ ও হঠকারিতাকে আমি তাদের ঘাড়ের বেড়িতে পরিণত করে দিয়েছি এবং যে অহংকার ও আত্মম্ভরিতায় তারা লিপ্ত রয়েছে তার ফলে তাদের ঘাড় এমনভাবে বাঁকা হয়ে গেছে যে, কোন উজ্জ্বলতর সত্য তাদের সামনে এসে গেলেও তারা সেদিকে ভ্রুক্ষেপও করবে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এ বক্তব্যটি প্রতীকী। এর দ্বারা তাদের জিদ ও হঠকারিতা যে কী পরিমাণ সেটাই বোঝানো হয়েছে। এর ব্যাখ্যা এই যে, সত্য সুস্পষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও তারা এমন জিদ ধরে বসে আছে যে, নিজেদেরকে সত্য দেখা থেকে বঞ্চিত রাখার সকল ব্যবস্থা করে রেখেছে, যেন তাদের গলায় বেড়ি পরানো আছে, ফলে মাথা উপরমুখো হয়ে আছে আর তাদের চারদিক প্রাচীর বেষ্টিত, যদ্দরুণ তারা কোন কিছুই দেখতে পাচ্ছে না। (তাদের সে বেড়ি ও অন্তরাল হল সামাজিক রসম-রেওয়াজ, প্রজন্ম-পরম্পরায় চলে আসা সংস্কার, অর্থ ও প্রতিপত্তির মোহ, বাপদাদার অন্ধ অনুকরণ, অজ্ঞতাপ্রসূত জাত্যাভিমান ও অহঙ্কার অহমিকা ইত্যাদি। এসব তাদেরকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল যে, মুক্তমনে কোন কিছু চিন্তা-ভাবনা করা ও সত্যগ্রহণের তাগিদে কোন দিকে ফিরে তাকানোর অবকাশ তাদের ছিল না। -অনুবাদক)

তাফসীরে জাকারিয়া

৮. নিশ্চয় আমরা তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা উর্ধ্বমুখী হয়ে গেছে।

তাফসীরে আহসানুল বায়ান

(৮) আমি ওদের গলদেশে মোটা বেড়ি পরিয়েছি, তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান, ফলে ওরা ঊর্ধ্বমুখী হয়ে আছে। (1)

(1) যার ফলে তারা না এদিক ওদিক দেখতে পারে, আর না মাথা ঝুঁকাতে পারে। বরং তারা মাথা উপর দিকে উঠিয়ে ও চোখ নিচের দিকে নামিয়ে থাকবে। এটা তাদের সত্য প্রত্যাখ্যান ও কার্পণ্য করার উদাহরণ। এও হতে পারে যে, এটা তাদের জাহান্নামের শাস্তি-পদ্ধতির বর্ণনা। (আইসারুত তাফাসীর)