فَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَجَٰهِدۡهُم بِهِۦ جِهَادٗا كَبِيرٗا

ফালা-তুতি‘ইল ক-ফিরীনা ওয়া জা-হিদহুম বিহী জিহা-দান কাবীর-।উচ্চারণ

কাজেই হে নবী, কাফেরদের কথা কখনো মেনে নিয়ো না এবং এ কুরআন নিয়ে তাদের বিরুদ্ধে বৃহত্তম জিহাদ করো। ৬৭ তাফহীমুল কুরআন

সুতরাং (হে নবী!) তুমি কাফেরদের কথা শুনো না; বরং এ কুরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সর্বশক্তিতে সংগ্রাম চালিয়ে যাও। #%২৫%#মুফতী তাকী উসমানী

সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করনা এবং তুমি কুরআনের সাহায্যে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও।মুজিবুর রহমান

অতএব আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং তুমি কাফিরদের আনুগত্য কর না এবং তুমি কুরআনের সাহায্যে এদের সঙ্গে প্রবল সংগ্রাম চালিয়ে যাও। ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম কর।আল-বায়ান

কাজেই তুমি কাফিরদের আনুগত্য করো না: আর কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম কর- কঠোর সংগ্রাম।তাইসিরুল

অতএব অবিশ্বাসীদের আজ্ঞানুসরণ করো না, বরং তুমি এর সাহায্যে তাদের সঙ্গে জিহাদ করো কঠোর জিহাদে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৭

বৃহত্তম জিহাদের তিনটি অর্থ। এক, চূড়ান্ত প্রচেষ্টা, অর্থাৎ চেষ্টা ও প্রাণপাত করার ব্যাপারে মানুষের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া। দুই, বড় আকারের প্রচেষ্টা। অর্থাৎ নিজের সমস্ত উপায়-উপকরণ তার মধ্যে নিয়োজিত করা। তিন, ব্যাপক প্রচেষ্টা। অর্থাৎ এক্ষেত্রে প্রচেষ্টার কোন দিক এবং মোকাবিলার কোন ময়দান ছেড়ে না দেয়া। প্রতিপক্ষের শক্তি যেসব ময়দানে কাজ করছে সেসব ময়দানে নিজের শক্তি নিয়োজিত করা এবং সত্যের শির উঁচু করার জন্য যেসব দিক থেকে কাজ করার প্রয়োজন হয় সেসব দিক থেকে কাজ করা। কণ্ঠ ও কলমের জিহাদ, ধন ও প্রাণের জিহাদ এবং বন্দুক ও কামানের যুদ্ধ সবই এর অন্তর্ভুক্ত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ নবীর আগমন আশ্চর্যের কোন ব্যাপার নয়। আল্লাহ চাইলে এখনও নবীদের সংখ্যাবৃদ্ধি করে প্রত্যেক এলাকায় পৃথক-পৃথক নবী পাঠাতে পারতেন, কিন্তু এই আখেরি যমানার জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত সে রকম নয়। এখন সারা জাহানের সমস্ত মানুষের কল্যাণ একই নবীর অনুসরণে। তাই আপনাকে বিশ্বনবী করে পাঠানো হয়েছে। কাজেই আপনি অবিশ্বাসীদের অজ্ঞতাসুলভ অভিযোগ-আপত্তি ও তাদের হঠকারিতাপূর্ণ কূটকচালিতে কান না দিয়ে পূর্ণোদ্যমে আপন কাজ চালিয়ে যান এবং কুরআন হাতে তাদের মুকাবিলা করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকেই কৃতকার্য করবেন (-অনুবাদক তাফসীরে উসমানী থেকে)।

তাফসীরে জাকারিয়া

৫২. কাজেই আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং আপনি কুরআনের সাহায্যে তাদের সাথে বড় জিহাদ চালিয়ে যান।

তাফসীরে আহসানুল বায়ান

(৫২) সুতরাং তুমি অবিশ্বাসীদের আনুগত্য করো না এবং তুমি এ (কুরআনে)র সাহায্যে ওদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও। (1)

(1) جاهدهم به এর ه (এ) সর্বনাম দ্বারা কুরআনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ, কুরআন দ্বারা কঠোর সংগ্রাম চালিয়ে যাও। আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়, তখন জিহাদের আদেশ দেওয়া হয়নি। সেই কারণে এর অর্থ হবে কুরআনের আদেশ নিষেধকে প্রকাশ্যভাবে বর্ণনা কর এবং কাফেরদের জন্য যেসব শাস্তির ধমক ও তিরস্কার বর্ণিত হয়েছে, তা তাদের সামনে স্পষ্ট কর।