ذَٰلِكَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَۖ قَوۡلَ ٱلۡحَقِّ ٱلَّذِي فِيهِ يَمۡتَرُونَ

যা-লিকা ‘ঈছাবনুমারইয়ামা কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারূন।উচ্চারণ

এ হচ্ছে মারয়ামের পুত্র ঈসা এবং এ হচ্ছে তার সম্পর্কে সত্য কথা, যে ব্যাপারে লোকেরা সন্দেহ করছে। তাফহীমুল কুরআন

এই হল মারয়ামের পুত্র ঈসা। তার (প্রকৃত অবস্থা) সম্পর্কে এটাই সত্য কথা, যে সম্পর্কে তারা তর্ক-বিতর্ক করছে। #%২০%#মুফতী তাকী উসমানী

এই মারইয়াম তনয় ঈসা! আমি বললাম সত্য কথা, যে বিষয়ে তারা বিতর্ক করে।মুজিবুর রহমান

এই মারইয়ামের পুত্র ঈসা। সত্যকথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে।মাওলানা মুহিউদ্দিন খান

এই-ই মারইয়াম-তনয় ‘ঈসা। আমি বললাম সত্য কথা, যে বিষয়ে এরা বিতর্ক করে। ইসলামিক ফাউন্ডেশন

এই হচ্ছে মারইয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। আল-বায়ান

এই হচ্ছে মারইয়াম-পুত্র ঈসা, (এটাই) সত্য কথা যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করে।তাইসিরুল

এই হচ্ছে মরিয়মপুত্র ঈসা, সত্য বিবৃতি যে-সন্বন্ধে তারা বিতর্ক করে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এই সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করার মূল উদ্দেশ্য হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত অবস্থা তুলে ধরা। এ ঘটনার দ্বারা আপনা-আপনিই এ সিদ্ধান্ত বের হয়ে আসে যে, ইয়াহুদী ও খ্রিস্টান সম্প্রদায় তাঁর সম্পর্কে যে বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছে এবং আপন-আপন অবস্থানে তারা যে চরম বাড়াবাড়ি করছে তা সর্বৈব ভ্রান্ত ও ভিত্তিহীন। ইয়াহুদী সম্প্রদায় তাঁর সম্পর্কে যে অভিযোগ করছে তা যেমন মিথ্যাচার, তেমনি খ্রিস্ট সম্প্রদায় যা বলছে তাও সত্যের অপলাপ। তাদের এ বিশ্বাস বিলকুল ভ্রান্ত যে, তিনি আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলার কোন পুত্রের দরকার নেই। এটাই সত্য কথা যে, তিনি আল্লাহর বান্দা ও নবী।

তাফসীরে জাকারিয়া

৩৪. এ-ই মারইয়াম-এর পুত্র ঈসা। আমি বললাম সত্য কথা, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করছে।(১)

(১) ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নাসারারা তাঁর প্রতি সম্মান প্রদর্শনে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্ৰ বানিয়ে দেয়। পক্ষান্তরে ইহুদীরা তার অবমাননায় এতটুকু ধৃষ্টতা প্রদর্শন করে যে তাকে জারজ সন্তান বলে আখ্যায়িত করে (নাউযুবিল্লাহ)। আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে উভয় প্রকার ভ্রান্ত লোকদের ভ্রান্তি বর্ণনা করে তাকে সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। (দেখুন, ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৪) এই হল মারয়্যাম তনয় ঈসা (এর বৃত্তান্ত)। (আমি বললাম) সত্য কথা; যে বিষয়ে তারা সন্দেহ করে।(1)

(1) এ হল সেই সকল গুণাবলী যা ঈসা (আঃ)-এর মধ্যে বিদ্যমান ছিল। আর ঐ গুণ তাঁর মধ্যে ছিল না, যে গুণের কথা খৃষ্টানরা তাঁর ব্যাপারে অতিরঞ্জন করে বলে থাকে এবং যা ইয়াহুদীরা তাঁর ব্যাপারে অবজ্ঞা ও ঘৃণা পোষণ করে বলে থাকে। বরং উপরোক্ত বিবরণই হল সত্য, যাতে মানুষ বেকার সন্দেহ পোষণ করছে।